পাবনার ঈশ্বরদীতে গুলিতে আহত পাঁচ ছাত্রদল নেতাকর্মীর চিকিৎসা ও পারিবারিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) পৌর ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আহতদের বাড়িতে যান জুয়েল। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে জাকির হোসেন জুয়েল বলেন, দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। দুঃসময়ে যারা রক্ত দিয়েছেন, দল তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও আশ্বাস দেন, আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল করিম মুকুল, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সজীব হোসেন, সাইদুল ইসলাম ও সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।