চট্টগ্রামের চন্দনাইশে স্কুল চলাকালে ঝাউবাগান এলাকায় ঘোরাফেরা করার সময় বিভিন্ন স্কুল-কলেজের কয়েকজন শিক্ষার্থীকে আটক করে শিক্ষকদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাউবাগান এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে ঘোরাফেরা অবস্থায় পাওয়া যায়। পরে পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের খবর দিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, সন্তান কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযানের ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। স্কুল চলাকালে শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।