নীলফামারী শহরের আলিয়া মাদরাসার মাঠ সংরক্ষণ, মাঠ সংকুচিত করে দোকানঘর নির্মাণ বন্ধ এবং মাদরাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও অ্যাডভোকেট সানাউল হক তনিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, আলিয়া মাদরাসার মাঠটি দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের জানাজা এবং স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে মাঠ সংকুচিত করে মাদরাসা কর্তৃপক্ষ দোকানঘর নির্মাণ করছে বলে অভিযোগ করা হয়েছে। এতে জানাজাসহ বিভিন্ন কাজে মাঠটির ব্যবহার ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ছাড়া মাদরাসার প্রধান ফটক বন্ধ থাকায় শিশু-কিশোররা মাঠে প্রবেশ করে খেলাধুলা করতে পারছে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্থানীয়দের মতামত না নিয়ে দোকানঘর নির্মাণ এবং পরিচালনা কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের না রাখার বিষয়েও আপত্তি জানানো হয়।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, মাঠে দোকানঘর নির্মাণ বন্ধ, প্রধান ফটক খোলা রাখা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং স্থানীয়দের মধ্য থেকে বিদ্যোৎসাহী সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।




