রংপুরের পীরগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে সড়কের কাছের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল চন্দ্র বর্মণ রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মণের ছেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশে বিপুলের চার্জার ভ্যানটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে বিপুলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




