সকালের শুরুতেই নেমে এলো মর্মান্তিক পরিণতি। বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মা ও তার কিশোরী মেয়ে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) এবং তাদের মেয়ে লিমু খাতুন (১৪)। বাড়ির সামনেই তাঁদের চা-বিস্কুটের দোকান ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে দোকান খুলতে যান মিলি আরা। এ সময় বাড়ি থেকে টেনে নেওয়া বিদ্যুতের সংযোগের তার ক্ষতিগ্রস্ত হয়ে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দরজা খোলার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। মাকে বাঁচাতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় লিমুও।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই পরিবারের মা-মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




