ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটির ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের জন্য ২ হাজার ১০০টি পরীক্ষার কিট দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। একই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রবিবার (২২ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত কিট বিতরণ ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিভিল সার্জন ডা. নুয়েন খীশার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কিটগুলো তুলে দেন তিনি।
দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের অনেক দুর্গম এলাকার মানুষ এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। সেনাবাহিনী নিজস্ব মেডিকেল টিমের মাধ্যমে এসব এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে। পাশাপাশি অসুস্থ রোগীদের স্থল, নৌ ও আকাশপথে হাসপাতালে পৌঁছে দিতেও সহযোগিতা করছে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা দায়িত্ব পালন করলে দুর্গম এলাকার স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই কমানো সম্ভব।
তিনি আরও বলেন, রাঙ্গামাটিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করবে। যাতে সামান্য জটিলতা দেখা দিলেই রোগীদের ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে না হয়। উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য উন্নত আবাসন সুবিধাসহ ডরমিটরি নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের বসবাসের ভালো পরিবেশ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষও উন্নত সেবা পাবেন।
জেলা পরিষদের দেওয়া ২ হাজার ১০০টি কিট জেলার ১০টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করা হবে। এর ফলে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ শনাক্তের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন জানান, বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে রাঙ্গামাটি জেলায় কাউকে পদায়ন করা হয়নি। দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সংকট দূর করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার ১০ উপজেলার স্বাস্থ্যসেবার পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ ও শনাক্তকরণ কার্যক্রম, চিকিৎসক সংকট এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।