দীর্ঘ দেড় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদুর রহমান সাজলের পরিবারের আর্থিক সংকট দূর করতে ইজিবাইক দেওয়া হয়েছে। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পরিবারটির আয়ের ব্যবস্থা হিসেবে এ সহায়তা দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিম বাজারের ‘কলমাকান্দা মটরস’ শোরুমে সাজলের পরিবারের সদস্যদের হাতে ইজিবাইকটি তুলে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
জানা গেছে, দেড় বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারান সাজ্জাদুর রহমান সাজল। এতে তার পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ান ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ইজিবাইক পেয়ে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ অসুস্থতার কারণে তাদের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছিল। ইজিবাইকটি এখন পরিবারের আয়ের একটি স্থায়ী মাধ্যম হবে।
এ সময় কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সহ-সভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম, মো. রফিকুল ইসলামসহ উপজেলা ও সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।