কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট প্রতিভা অন্বেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এ বাছাইয়ে দুই শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেয়। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮—এই তিন বিভাগ থেকে প্রাথমিকভাবে ৩০ জনকে নির্বাচন করা হয়েছে।
বিসিবির আয়োজনে এবং কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মিজানুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী, কক্সবাজার জেলা ক্রিকেট কোচ সুজিত দাশ এবং উদীয়মান ক্রিকেটার তানিম সিকদার।
বাছাইয়ে অংশ নেওয়া তরুণ ক্রিকেটাররা জানায়, দ্বীপে নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি থাকলেও বিসিবির এ উদ্যোগ তাদের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত।
জেলা ক্রিকেট কোচ সুজিত দাশ জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ক্রিকেটারদের আগামী ২৩ অক্টোবর রামু বিকেএসপি মাঠে জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেওয়ার জন্য পাঠানো হবে। সেখানে ভালো করলে জেলা দলে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ক্রীড়াসংশ্লিষ্টরা বলছেন, কুতুবদিয়ার তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত সরঞ্জাম ও আধুনিক অনুশীলন মাঠের অভাব বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ভৌগোলিক দূরত্বও বাধা হয়ে দাঁড়াচ্ছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, দুই শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণ দ্বীপে ক্রিকেটের প্রতি আগ্রহের প্রমাণ। এই আগ্রহকে দক্ষতায় রূপ দিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এক দিনের বাছাইয়ের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পরিচর্যার আওতায় আনতে হবে। স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিসিবির সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে কুতুবদিয়া থেকেও সম্ভাবনাময় ক্রিকেটার উঠে আসবে।