‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানে লক্ষ্মীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম ও সাংবাদিক মাহমুদ ফারুকসহ পুলিশের কর্মকর্তা, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা মিলিয়ে ১২টি দল অংশ নিচ্ছে। দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল শেষে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।




