সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড় এলাকায় মাদক কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাঁজা কিনতে আসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় দুই বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ূব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শনিবার রাতে ২০০ থেকে ৩০০ জনের মতো মানুষ তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে স্থানীয়রা জানান।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর ওই এলাকায় গাঁজা কিনতে আসা দুই যুবকের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি হয়। টর্চের আলো দেখানোকে কেন্দ্র করে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরেই শনিবার রাতে দুই বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়।
এদিকে গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন—কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) ও দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)। স্থানীয়রা তাদের আটক করে রাখার পর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, গাঁজা কিনতে আসার অভিযোগে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন দাবি করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগও করেন তিনি।