নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিন পুরুষ ও এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকায়। বর্তমানে চারজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সীমান্তে নজরদারিও জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।