কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় এবার বিচারের পালা। আগামী ২৯ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক।
মামলার চার অভিযুক্তের বয়স বিবেচনায় বিচার পরিচালনার জন্য দুটি পৃথক আদালত নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং অন্য দুজন প্রাপ্তবয়স্ক। ফলে শিশু আইনের বিধান অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের বিচার হবে শিশু আদালতে। প্রাপ্তবয়স্ক দুজনের বিচার চলবে সংশ্লিষ্ট নিয়মিত আদালতে।
পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে স্থানীয় কোনো আইনজীবী মামলা পরিচালনায় আগ্রহী নন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা চলছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের দায়িত্ব অনুযায়ী বিচারিক কার্যক্রম চালিয়ে যাবে।
বিচার শুরু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ছেলের হত্যার বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জেনে ভালো লাগছে। আইন ও বিচারব্যবস্থার ওপর তাদের আস্থা রয়েছে। তারা এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মায়ের আইফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। পরে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের কাছের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনের সম্পৃক্ততা শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তদন্ত শেষে গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এখন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।