হাসপাতালে যাতায়াতের খরচ, চিকিৎসকের ফি কিংবা ওষুধ কেনার সামর্থ্য নেই—এমন মানুষের জন্য ভোলায় চালু হয়েছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। ইতোমধ্যে ২১টি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শেষ হয়েছে।
এসব ক্যাম্পে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে রোগীদের পরামর্শ দিচ্ছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধও।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২১ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এসব ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ সেবা ও ওষুধ পেয়েছেন। দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ছয়টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়েছে।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ স্লোগান নিয়ে এ উদ্যোগের সূচনা হয়। প্রথম পর্যায়ে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভায় দুটি ক্যাম্পসহ মোট ১৫টি আয়োজন করা হয়। পরে ১৫ নভেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। দুই পর্যায় মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবার আওতায় এসেছেন।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। অসুস্থ হলেও অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বাড়ির কাছেই চিকিৎসক দেখানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানিয়েছেন তারা।
ভোলার চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা। এম হেলাল উদ্দিন গোলদার, মো. মহিউদ্দিন ও মঞ্জুর আলমের ভাষ্য, জেলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার ক্ষেত্রে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। কিন্তু সেখানে প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সামর্থ্যবানরা অন্যত্র চিকিৎসা নিতে পারলেও দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে নানা সংকটে পড়তে হয়।
তাদের মতে, প্রত্যন্ত এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গিয়ে সেবা দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তির সুযোগ বাড়াচ্ছে। বিশেষ করে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন জানান, সদর আসনের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রথম পর্যায়ের ক্যাম্পগুলো শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের আয়োজন শুরু হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আয়োজন ও ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন বিজেপির জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।




