দিনাজপুরের ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রাজা রামনাথের নাম। প্রায় তিন শতাব্দী আগে তার শাসনামলে গড়ে ওঠা নানা স্থাপনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আজও এ অঞ্চলের পরিচয় বহন করছে। বিশেষ করে কান্তজিউ মন্দির, রামসাগর দীঘি ও প্রাণ গোপাল মন্দির তার সময়কার ঐতিহাসিক অবদানের স্মারক হয়ে রয়েছে।
ইতিহাসের বিভিন্ন দলিল ও স্থানীয়ভাবে সংরক্ষিত তথ্য অনুযায়ী, রাজা প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামনাথ ১৭২২ সালে দিনাজপুর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী, ১৭২২ থেকে ১৭৬০ সাল পর্যন্ত তিনি জমিদারি পরিচালনা করেন। এ সময় উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদারি হিসেবে দিনাজপুর রাজপরিবারের অবস্থান আরও সুদৃঢ় হয়।
রাজা রামনাথের সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর একটি কান্তজিউ মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন করা। দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত এ মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তার পূর্বসূরি রাজা প্রাণনাথ। তবে জীবদ্দশায় তিনি কাজ শেষ করতে পারেননি। পরবর্তী সময়ে রাজা রামনাথ সেই দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ নির্মাণকাজ শেষে ১৭৫২ সালে মন্দিরটির নির্মাণ সম্পন্ন হয়।
নবরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরটিতে একসময় নয়টি অলংকৃত চূড়া ছিল। দেয়ালের পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, যুদ্ধ, শিকার, রাজদরবার এবং তৎকালীন মানুষের সামাজিক জীবনের নানা দৃশ্য। ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের নয়টি চূড়াই ধ্বংস হয়ে যায়। পরবর্তী সময়ে মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর মন্দিরটির সংস্কার ও পুনর্গঠনে ভূমিকা রাখেন। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন।
কান্তজিউ মন্দিরকে ঘিরে রাজা রামনাথের সময় থেকেই রাস উৎসব ও মাসব্যাপী মেলার প্রচলন রয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে পূজা-অর্চনা ও রাস উৎসবের মধ্য দিয়ে এবারও মেলার সূচনা হয়। কাহারোল উপজেলার কান্তনগরে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
দিনাজপুর দেবোত্তর স্টেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু।
রাজা রামনাথের আরেকটি জনকল্যাণমূলক উদ্যোগের স্মারক রামসাগর দীঘি। দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামে অবস্থিত এ বিশাল জলাশয়টি এলাকার মানুষের পানির সংকট দূর করার উদ্দেশ্যে খনন করা হয়েছিল বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।
ধারণা করা হয়, ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে দীঘিটি খনন করা হয়। এ কাজে প্রায় ১৫ হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে। তৎকালীন সময়ে খননকাজে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছিল বলেও জানা যায়। প্রায় ১ হাজার ৩১ মিটার দৈর্ঘ্য ও ৩৬৪ মিটার প্রস্থের এ জলাশয়টি বর্তমানে সবুজ বনভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সরকারিভাবে রামসাগরকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া রাজা রামনাথের পৃষ্ঠপোষকতায় দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে ১৭৫৪ সালে প্রাণ গোপাল মন্দির নির্মিত হয়। শহর থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত এ মন্দির রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিচয় বহন করছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রাজা রামনাথ বিভিন্ন অঞ্চল থেকে ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে রাজবাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাজারামপুর মৌজায় বসতি স্থাপনের ব্যবস্থাও করেছিলেন। তার শাসনামলে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, জনকল্যাণমূলক কাজ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা দিনাজপুর রাজপরিবারের ঐতিহ্যকে সমৃদ্ধ করে।
দিনাজপুর রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহ বলেন, রাজা রামনাথের অবদান কেবল একটি রাজপরিবারের গৌরবের বিষয় নয়, বরং দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহাসিক স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে আজও কান্তজিউ মন্দিরের পোড়ামাটির কারুকাজ, রামসাগরের বিশাল জলরাশি ও অন্যান্য স্থাপনা রাজা রামনাথের সময়কে স্মরণ করিয়ে দিচ্ছে। এসব নিদর্শন সংরক্ষণে সরকারি উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল। দিনাজপুরের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এসব স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ এখন সময়ের দাবি।