মাত্র তিন ঘণ্টায় গণনা হয়েছে ১০ কোটি টাকা। এরপরও শেষ হয়নি হিসাব। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার দানের অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে প্রায় পাঁচ মাস পর মসজিদের দানবাক্স খোলা হলে বেরিয়ে আসে টাকাভর্তি ৫১টি বস্তা। সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং স্থানীয় সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে বাক্স খোলার কার্যক্রম শুরু হয়।
পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় অর্থ গণনা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া হিসাবে জমা পড়েছে ১০ কোটি টাকা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশাল এই গণনাকাজে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। সাত সদস্যের একটি উপকমিটি পুরো কার্যক্রম তদারকি করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। গণনা শেষে অর্থ পুলিশি পাহারায় ব্যাংকে পাঠানো হচ্ছে।
এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবারও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার মিলেছিল। এবার সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
পাগলা মসজিদে সংগৃহীত অর্থ শুধু ধর্মীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকে না। মসজিদ পরিচালনার পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এসব অর্থ ব্যয় করা হয়।
নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রায় ২৫০ বছরের পুরোনো এই মসজিদটির অবস্থান। প্রায় ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ধর্মীয় স্থাপনাটি দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র হয়ে আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন এলাকার মানুষ এখানে মানত ও দান করতে আসেন। তাঁদের অনেকে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রীও দান করেন।