সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে ২২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা মো. আছাদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, আছাদুল ইসলামের সন্তান মো. হামিম হাসান তীব্র শারীরিক প্রতিবন্ধী। ২০২২ সালে সন্তানের ‘সুবর্ণ নাগরিক কার্ড’ পাওয়ার পর নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন তিনি। পরে জীবিকার প্রয়োজনে বিদেশে থাকায় ভাতার বই উত্তোলনে কিছুটা বিলম্ব হয়।
প্রায় পাঁচ মাস আগে দেশে ফিরে ভাতার বই নিতে সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন আছাদুল। অভিযোগ, নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামান বইটি দেওয়ার জন্য ২২ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে বইটি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আছাদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী সন্তানের ভাতার বই নিতে এসে একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ দাবির অভিযোগ উঠবে, তা ভাবতে পারেননি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেন। অভিযোগের বিষয়ে সমাজকর্মী মো. মনিরুজ্জামান মুঠোফোনে বলেন, “বই দিতে দেরি হচ্ছে, এ জন্য টাকা চেয়েছি বলতেছে।”
তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। ভুক্তভোগীকে অফিসে পাঠালে তিনি বিষয়টি দেখবেন। বৈধ ভাতাগ্রহীতার ভাতার বই আটকে রাখার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, “বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তাড়াশে প্রতিবন্ধী শিশুর ভাতার বই আটকে ঘুষ দাবির অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে ২২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে
প্রিয় বাংলাদেশসারা দেশ


