চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসা বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ সময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন ও নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চলমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ওয়াসার সেবাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পরে তিনি ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এর মধ্য দিয়ে নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন ইদ্রিস মিয়া।