দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, এর সঙ্গে ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প সচিব বলেন, বিদ্যমান সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য। মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার চিত্র তুলে ধরছে। দেশের বিভিন্ন সমস্যা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, এসব প্রকল্পে তার প্রতিফলন রয়েছে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা আশাব্যঞ্জক।
শিল্প সচিব বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। উৎপাদনশীলতা বাড়াতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি। এ প্রসঙ্গে তিনি ‘স্কিলেজ’ (Skill + Knowledge) ধারণার উল্লেখ করে বলেন, জ্ঞানের পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা মানবসম্পদই দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে শিল্প সচিব মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে ৫০টি স্টল স্থাপন করা হয়েছে।