পিরোজপুরে আবরার বিন মেহেদীর ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে পরিবারের উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায়, মানসিক ভারসাম্যহীন ও কম ভাগ্যবান ২০০ মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) পিরোজপুর বাইপাস সড়কে নিজ বাড়ির সামনে খাবার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পথে-ঘাটে থাকা অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যরা নিজেদের হাতে খিচুড়ি ও মুরগির মাংস রান্না করে প্যাকেট করেন। প্রতিটি প্যাকেটের সঙ্গে একটি করে পানির বোতল দেওয়া হয়। আবরারের বাবা মেহেদী হাসান দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
মেহেদী হাসান বলেন, দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে আবরারের জন্মদিন এবার একটু ভিন্নভাবে উদযাপন করা হয়েছে। জন্মদিনের আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এ উদ্যোগ। গত পাঁচ বছর ধরে সন্তানদের জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এবারের আয়োজনের পরিধি বাড়িয়ে শহরের বিভিন্ন স্থানে থাকা অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের কাছেও খাবার পৌঁছে দেওয়া হয়েছে। জন্মদিনের আনন্দের সঙ্গে মানবিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা সন্তানদের মধ্যে ছোটবেলা থেকেই গড়ে তুলতে চান তারা।