রাঙামাটি সদর হাসপাতালে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ ও শিশুরা এতে চিকিৎসাসেবা নেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি। তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ক্যাম্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আরও বড় পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।
দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে পার্বত্য অঞ্চলের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনী।




