বাংলাদেশ রেলওয়ের প্রায় ৮ কোটি টাকার ট্রাকশন মোটরের যন্ত্রাংশ সরবরাহ, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং নতুন সরবরাহকারী তালিকাভুক্তিতে জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী। একপর্যায়ে প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ সম্মেলনের মঞ্চ ছেড়ে চলে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এ সময় সংগঠনের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর ব্যবসায়িক অংশীদার জাহিদের সঙ্গে সভাপতির ব্যবসায়িক যোগাযোগ ও সমঝোতার অভিযোগ নিয়ে জানতে চান। জুলাই-আগস্টের গণহত্যার মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্যের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হয়।
এ ছাড়া প্রায় ১০ বছর আগে ফেরদৌস হুদার মাধ্যমে রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য প্রায় ৮ কোটি টাকার ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড যন্ত্রাংশ সরবরাহের বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, এসব যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে রেলওয়ের পাহাড়তলী কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও সেগুলো পরিবর্তন বা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় সংশ্লিষ্ট সরবরাহকারীকে পুনরায় কালো তালিকাভুক্ত না করার কারণ জানতে চান সাংবাদিকেরা। তবে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে উপস্থিত সাংবাদিকেরা জানান।
রেলওয়ের নতুন সরবরাহকারী তালিকাভুক্তির আবেদনপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। সাংবাদিকদের অভিযোগ, সভাপতির আবেদনের সঙ্গে জমা দেওয়া কয়েকটি কাগজপত্র কারিগরি কমিটির যাচাইয়ে জাল হিসেবে শনাক্ত হয়েছে। এ বিষয়ে সভাপতির বক্তব্য জানতে চাইলেও তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বলে অভিযোগ করা হয়।
একপর্যায়ে প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মঞ্চ ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন সভাপতি। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে রেলওয়ের লোকোমোটিভের যন্ত্রাংশ সরবরাহের জন্য নতুন সরবরাহকারী তালিকাভুক্তির আবেদনপ্রক্রিয়া দ্রুত চালুর দাবি জানানো হয়। তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।