বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের নিজস্ব জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থার ইতিবাচক মূল্যায়ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির চিকিৎসাসেবা, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটির বিশেষজ্ঞ দল।
গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে রূপপুরের নিজস্ব জরুরি ব্যবস্থাপনায় নির্দিষ্ট কোনো ঘাটতি উল্লেখ না করে জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার জানান, আইএইএর সুপারিশ মূলত জাতীয় পর্যায়ের জরুরি প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে। এটিকে রূপপুরের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
আইএইএর বিশেষজ্ঞরা রূপপুরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ কর্মীদের প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছেন।
পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণে বাংলাদেশের অঙ্গীকার ইতিবাচক। রূপপুরের কমিশনিং প্রস্তুতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক মনোভাবও তিনি উল্লেখ করেন।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুরের কার্যক্রম শুরুর আগে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা দেশের প্রধান অগ্রাধিকার। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা নেওয়া হবে।
আইএইএর মূল্যায়নে রূপপুরের নিজস্ব জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক উঠে আসার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।




