চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহাজারী পৌরসভার বাবুখান বাড়ি এলাকার শাহেদুল ইসলাম (২০), পূর্ব দোহাজারী আজিম মাস্টারপাড়া এলাকার এহছান করিম জোবায়ের (২২), সাতবাড়িয়া দক্ষিণ হারলা এলাকার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার হাজীরপাড়া এলাকার মো. ফজল করিম রিয়াদ (২৪)।
পুলিশ জানায়, শাহেদুল ইসলাম ও এহছান করিম জোবায়ের চন্দনাইশ থানার ৮ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারার আসামি। পুলিশ তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া মোহাম্মদ নাছির উদ্দীন এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় সাজাপ্রাপ্ত এবং ফজল করিম রিয়াদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার মামলায় দণ্ডপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফজল করিম রিয়াদকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার চারজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।