কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৭ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে যৌথ বাহিনী ও কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় একটি কেওড়া বাগানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিনসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে নৌকায় থাকা ব্যক্তিরা তিনটি বস্তা সাগরে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যান।
পরে সাগর থেকে উদ্ধার করা বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।




