ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৪২ কিশোরের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, আটকরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ভবিষ্যতে অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের সতর্ক করা হয়েছে।
ওসি খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান অব্যাহত থাকবে। এ সময় পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ ছাড়া কিশোরদের অকারণে বাইরে আড্ডা না দিতে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।




