রংপুর নগরীর উন্নয়নে প্রায় ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) রাতে নগরীর গ্রান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
পরে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়ন হলে নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে রংপুর নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে নগরীর উন্নয়নে প্রায় ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।




