রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল পরিবহনের জন্য ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী বাইপাস-রূপপুর রেললাইন উদ্বোধনের সাড়ে তিন বছর পরও কাজে আসেনি। এ পথে এখনো বাণিজ্যিকভাবে কোনো ট্রেন চলেনি। প্রকল্পের কোনো মালামাল বা ভারী যন্ত্রপাতিও পরিবহন করা হয়নি।

রেলওয়ে সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেললাইন ও রূপপুর স্টেশন নির্মাণ করা হয়। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রেললাইন ও স্টেশনটি উদ্বোধন করা হয়।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। ইয়ার্ডে কয়েকটি খালি ওয়াগন ও যাত্রীবাহী কোচ পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় রেললাইনের বিভিন্ন স্থানে ঘাস-লতাপাতা জন্মেছে। েপাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁইয়া বলেন, এ রেলপথে এখনো কোনো বাণিজ্যিক ট্রেন চলেনি এবং রূপপুর প্রকল্পের কোনো মালামালও পরিবহন করা হয়নি।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, ভবিষ্যতে রূপপুর প্রকল্পের কাজে রেলপথটি ব্যাপকভাবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ কে বিএম রুহুল কুদ্দুস জানান, বর্তমানে ভারী যন্ত্রাংশ নদী ও সড়কপথে আনা হচ্ছে। প্রকল্প চালু হলে রেলপথটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।