আগামী এক দশকেও বর্তমান সরকারের ক্ষমতা হারানোর আশঙ্কা দেখছেন না শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি বলেছেন, সরকারের পরিবর্তন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না বলে তিনি নিশ্চয়তা দিতে পারেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষকদের অতীত রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে সেলিম ভূইয়া বলেন, বিগত ১৭ বছরে অনেক শিক্ষক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আবার যারা তৎকালীন ক্ষমতাসীনদের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের বিষয়ে তথ্য-প্রমাণসহ তালিকা দিতে হবে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে অন্যায়ভাবে হয়রানি করার ইচ্ছা তাদের নেই বলেও উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, অতীতে তাকে একাধিক মামলায় আসামি করা হয়েছিল। তার দাবি, ৪০টি মামলায় জড়িয়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়েছিল। এমনকি বাসে আগুন দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল। আদালতে নেওয়ার সময় হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় অনেকে বয়সের বিষয়টি সামনে আনছেন। অথচ অতীতে প্রবীণ রাজনৈতিক নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতে যেতে হয়েছে এবং তাকে হাতকড়া পরানো হয়েছিল বলে তিনি দাবি করেন।
সেলিম ভূইয়া আরও বলেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তবে তাদের দুর্বল ভাবারও কোনো কারণ নেই। অন্যায় ও অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস উপস্থাপনের বিষয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, তৎকালীন রাজনৈতিক ক্ষমতাকাঠামোর প্রভাবে শিক্ষকদের দিয়ে নির্দিষ্ট ধরনের বক্তব্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করানো হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি ওই সময়ের ইতিহাস ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।




