রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। একই সময়ে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। হারুন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গত ৪ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। পরিবার জানায়, ঢাকায় রিকশা চালানোর সময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ১৫ দিন জ্বরে ভুগছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় ৩০ জন, দিনাজপুরে ৩, লালমনিরহাটে ৭, গাইবান্ধায় ১৪ এবং ঠাকুরগাঁওয়ে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর সকাল পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৭ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। সামান্য জ্বর দেখা দিলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
*




