ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বগুড়ার নন্দীগ্রামে আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে মাঠের পাকা ধান নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধানের আঁটি পানিতে ডুবে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে শীতকালীন সবজি, আলু ও সরিষার আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলার নন্দীগ্রাম সদর, ভাটরা, ভাটগ্রাম, বুড়ইল ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়েছে। বিশেষ করে দলগাছা, শিমলা, হাটলাল, ডেরাহার, বৈলগ্রাম, নামুইট, ফোকপাল, ওমরপুর, গোপালপুর ও মনিনাগ গ্রামের কৃষকেরা বেশি সমস্যায় পড়েছেন।
শনিবার (২১ নভেম্বর) থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ ও পূর্ব মাঠ ঘুরে দেখা যায়, বিভিন্ন জমিতে পানি জমে আছে। কয়েক দিন আগে কেটে রাখা ধানের আঁটি পানিতে পড়ে রয়েছে। বৃষ্টির কারণে ধান শুকানো কিংবা বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না।
গোপালপুর গ্রামের কৃষক আব্দুর রহমান ও রাজু আহমেদ জানান, বৃষ্টির আগেই তারা প্রায় ১০ বিঘা জমির ধান কেটেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান এখন জমির পানিতে পড়ে আছে। পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তুলতে না পারায় তারা উদ্বিগ্ন।
একই গ্রামের কৃষক আব্দুল জলিল, আব্দুল মতিন, শহিদুল ইসলাম, অলক চন্দ্র ও ভজন চন্দ্র জানান, তাদের জমির ধান পুরোপুরি পেকে গেছে। কিন্তু বৃষ্টির কারণে কাটার কাজ বন্ধ রাখতে হচ্ছে। ইতোমধ্যে অনেক জমির ধান নুয়ে পড়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের মাঠেও একই পরিস্থিতি দেখা গেছে। কৃষক মোজাহার জানান, বৃষ্টির আগের দিন ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। এখন কাটা ধানের আঁটি পানিতে পড়ে রয়েছে।
ওই গ্রামের আরেক কৃষক আনিসুর রহমান জানান, বৃষ্টির আগের দিন পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছিলেন। বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় বীজের অঙ্কুরোদ্গম ও আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এদিকে বৃষ্টির কারণে শীতকালীন সবজির জমিতেও পানি জমেছে। দীর্ঘ সময় পানি আটকে থাকলে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। গোপালপুর গ্রামের আলুচাষি রঞ্জন চন্দ্র জানান, দুই বিঘা জমিতে আলু চাষ শুরু করেছেন তিনি। বৃষ্টির আগের দিন অর্ধেক জমিতে আলু রোপণ করেছিলেন। এরপর বৃষ্টিতে জমিতে পানি জমে যায়। পানি সরানোর চেষ্টা করেও পুরোপুরি সফল হচ্ছেন না।
কৃষকদের ভাষ্য, আমন মৌসুমের শুরু থেকেই সেচের সংকট, কারেন্ট পোকার আক্রমণ, ধানে চিটা ও ব্লাস্ট রোগসহ নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছে। এখন ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি নতুন করে তাদের ক্ষতির আশঙ্কায় ফেলেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। অবশিষ্ট ধানের প্রায় ৯০ শতাংশ পেকে গেছে। এ সময়ে পুরোদমে ধান কাটার কথা থাকলেও বৃষ্টিতে সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, শুক্রবার (১৯ নভেম্বর) বিভিন্ন মাঠ পরিদর্শনে কিছু জমির পাকা ধান হেলে পড়তে দেখা গেছে। তবে পাকা ধান নুয়ে পড়লে সাধারণত বড় ধরনের ক্ষতি হয় না। বৃষ্টিতে কিছু জমিতে পানি জমেছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকেরা আবার ধান কাটার কাজ শুরু করতে পারবেন।
তিনি আরও জানান, বৃষ্টির কারণে আলু ও সরিষার আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে। জমি ভেজা থাকা এবং কোথাও পানি জমে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সবজি চাষিদের নিয়মিত ক্ষেতের পরিচর্যা এবং জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।