পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, পূর্বের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন উদ্যোগের মাধ্যমে প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।