সিরাজগঞ্জে গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় শ্বশুর আফজাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার বনবাড়িয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফজাল হোসেন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গৃহবধূ রাবেয়া খাতুনকে তার স্বামী, শ্বশুরসহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর সকালে তাকে বিষজাতীয় পদার্থ জুসের সঙ্গে খাওয়ানোর পর রিকশায় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে অসুস্থ অবস্থায় রাবেয়া বাবার বাড়িতে গেলে স্বামী ও শ্বশুরসহ পরিবারের লোকজন তাকে জুস খাওয়ানোর পর রিকশায় তুলে দেওয়ার কথা জানান। পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাবেয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড় ভাই মো. আমিন হাসান বাদী হয়ে স্বামী মো. তারিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। ওসি রাকিবুল ইসলাম বলেন, রাবেয়া খাতুন হত্যা মামলায় আফজাল হোসেন এজাহারভুক্ত আসামি। তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




