বাংলা ও হিন্দি—দুই ভাষার সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন খ্যাতনামা কবি, লেখক ও সাহিত্যিক গোবিন্দ পাল। ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিসৌলিতে আয়োজিত এক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তাকে ‘হিন্দি সাহিত্য সেবী বিভূষণ সম্মান’ প্রদান করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে গোবিন্দ পালের সামগ্রিক সাহিত্যকর্ম ও দীর্ঘদিনের সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। বাংলা ভাষাভাষী হয়েও তিনি হিন্দি ও বাংলা—উভয় ভাষায় ২২টি গ্রন্থ রচনা করেছেন। পাশাপাশি সাহিত্য অনুবাদের ক্ষেত্রেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। সম্মাননা অনুষ্ঠানে তার হাতে শাল, শ্রীফল, স্মারক, সম্মাননাপত্র ও অর্থরাশি তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলনে নেপাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকরা অংশ নেন। বিভিন্ন ভাষা ও দেশের সাহিত্যিকদের উপস্থিতিতে সম্মেলনটি আন্তর্জাতিক সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। গোবিন্দ পালের এ অর্জন তার সাহিত্যজীবনে বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।




