বলিউডে তারকাদের জনপ্রিয়তা ধরে রাখতে প্রচার-প্রচারণা ও জনসংযোগের ওপর নির্ভরতা নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে দর্শকদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন অভিনেতা শাহেদ কাপুর। তার মতে, অর্থের বিনিময়ে তৈরি করা জনপ্রিয়তা আর স্বতঃস্ফূর্ত ভালোবাসার পার্থক্য এখন সহজেই বুঝতে পারেন দর্শক। ফলে কৃত্রিম ভাবমূর্তি তৈরি করে তারকাখ্যাতি ধরে রাখার কৌশল আগের মতো কার্যকর থাকছে না।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউডের প্রচার সংস্কৃতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন শাহিদ। তিনি বলেন, অর্থ খরচ করে জনসংযোগ ও প্রচার চালানোর প্রবণতা বিনোদন জগতে দীর্ঘদিনের। প্রায় ৩০ বছর আগেও এ ধরনের চর্চা ছিল। তবে তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এত বিস্তার ছিল না। বর্তমানে অর্থের বিনিময়ে প্রচারমূলক লেখা প্রকাশ কিংবা জনসংযোগ সংস্থার মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরির বিষয়টি সবার কাছেই পরিচিত।
শাহেদের ভাষায়, এখন মানুষ জানেন অর্থের বিনিময়ে জনসংযোগ করানো সম্ভব। নিজের কিংবা নিজের কাজের প্রচার করতে অর্থ ব্যয় করাও স্বাভাবিক। কিন্তু দর্শক এখন বুঝতে পারেন কোনটি অর্থের বিনিময়ে করা প্রচার আর কোনটি মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ থেকে তৈরি হয়েছে।
তবে প্রচার-প্রচারণার বিপক্ষে নন এই অভিনেতা। তার মতে, কোনো সিনেমা কিংবা শিল্পীর কাজ মানুষের কাছে পৌঁছে দিতে বিপণন ও প্রচারের প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রচারের উদ্দেশ্য যেন কৃত্রিম তারকাখ্যাতি কিংবা অবাস্তব ব্যক্তিত্ব তৈরি করা না হয়।
শাহেদ মনে করেন, দর্শক এখন আর নিখুঁত কোনো তারকার পেছনে ছুটতে চান না। বরং এমন শিল্পীদের পছন্দ করেন, যাদের আচরণ ও ব্যক্তিত্বের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাওয়া যায়। স্বাভাবিক জীবনযাপন, অকৃত্রিম আচরণ এবং বাস্তব ব্যক্তিত্বই তারকা ও দর্শকের মধ্যে প্রকৃত সম্পর্ক তৈরি করে। তাই নিজেকে অন্যভাবে উপস্থাপনের চেয়ে নিজের মতো থাকাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে বলিউডের সিনেমার গল্প ও দর্শকদের পছন্দ নিয়েও কথা বলেন শাহিদ। তার মতে, দর্শকের আগ্রহ কোনো একটি নির্দিষ্ট সিনেমার ধরন বা ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয়। সব ধরনের সিনেমা দেখার আগ্রহ তাদের রয়েছে। তবে গল্প বলার ধরন এবং নির্মাণশৈলীর ওপর নির্ভর করে একটি সিনেমা কতটা দর্শকের কাছে পৌঁছাতে পারবে।
একই ধরনের গল্প বারবার পর্দায় আসায় দর্শকদের একটি অংশের মধ্যে একঘেয়েমি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। কোনো বিশেষ ঘরানার সিনেমা সফল হলে নির্মাতাদের মধ্যে সেই ধরনের ছবি তৈরির প্রবণতা বাড়ে। কিন্তু একটি ঘরানার সাফল্য মানেই অন্য ধরনের সিনেমার চাহিদা কমে যাওয়া নয়।
শাহেদের মতে, গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়ে নতুনত্ব না থাকলে দর্শক ধীরে ধীরে আগ্রহ হারান। তাই দর্শকদের রুচিকে দায়ী করার আগে নির্মাতাদের নিজেদের কাজের মান ও গল্প উপস্থাপনের ধরন নিয়েও ভাবতে হবে। তার মতে, কৃত্রিম প্রচারের চেয়ে ভালো গল্প, মানসম্মত নির্মাণ ও স্বাভাবিক অভিনয়ই দর্শকের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে।



