ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার একটি মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি এ তথ্য প্রকাশ করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিক হিসাবে হতাহতের সংখ্যা ৩০। মার্কেটটিতে উদ্ধার অভিযান চলমান থাকায় প্রাণহানি ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন, তখনো ওই এলাকায় যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকায়ও বিমান হামলার খবর জানিয়েছে আল-মাসিরাহ। সেখানে দুটি পানির কূপ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সা’দা প্রদেশের মাজ জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সৌদি আরবের সীমান্তসংলগ্ন সা’দা প্রদেশের কয়েকটি এলাকায় কামানের গোলা ও রকেট নিক্ষেপের খবর পাওয়া গেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। এর আগে বুধবার সৌদি রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে হুথিদের বিরুদ্ধে।
অন্যদিকে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, শুক্রবার পবিত্র মক্কা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলার বিষয়ে সৌদি জোটের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।