ইউক্রেনের মানবিক সহায়তা ও নাগরিক সুরক্ষায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জারি করা এক সরকারি আদেশে তাকে ‘অর্ডার অব প্রিন্সেস ওলগা’র প্রথম শ্রেণির পদক দেওয়ার কথা জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মানবাধিকার রক্ষা, দাতব্য কর্মকাণ্ড এবং দেশটির জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মেলানিয়ার ব্যক্তিগত উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত মাসে দক্ষিণ ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি শহরের আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনার জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমিত সময়ের যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখেন মেলানিয়া। ওই এলাকার মানুষ কয়েক সপ্তাহ ধরে খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকটে ছিলেন। সাময়িক বিরতির সুযোগে সড়ক থেকে স্থলমাইন সরানোর পর বাসিন্দাদের ইউক্রেন কিংবা রাশিয়ার নিরাপদ এলাকায় যাওয়ার পথ তৈরি হয়।
মেলানিয়ার হোয়াইট হাউস কার্যালয় জানিয়েছে, একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ নজিরবিহীন। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে সম্ভাব্য বৈঠকের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
এর আগেও রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যুক্ত ছিলেন মেলানিয়া ট্রাম্প। তাঁর মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এবার ইউক্রেনের রাষ্ট্রীয় পদক দেওয়া হলো।