সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২৭৯ জন আইনপ্রণেতা প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি।
গত আগস্টে সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। এর মূল শর্ত অনুযায়ী, কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে বাকি দুই দেশ তাকে সহযোগিতা করবে।
চুক্তিটি কার্যকর হলে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন কাঠামো তৈরি হবে। এতে যুক্ত হচ্ছে ন্যাটোর সদস্য তুরস্ক, পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি সৌদি আরব।
পার্লামেন্টের আলোচনায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা জিয়া আলতুনইয়ালদিজ বলেন, এই উদ্যোগের লক্ষ্য কোনো তৃতীয় রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং সম্ভাব্য সংঘাত ঠেকানো এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এর উদ্দেশ্য।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিও চুক্তিটির গুরুত্ব বাড়িয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে দেশটির বিভিন্ন শহর, জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথে হামলার ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর এ ধরনের হামলার ঘটনাও বেড়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।