সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রোববার সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) প্রকাশিত তথ্যে হতাহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি।
এছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন। হামলার ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। বিমানবন্দর এলাকায় হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে। হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির খবর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিহত ব্যক্তিদের পরিচয়, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।