কানাডায় কর্মরত বিদেশিদের জন্য স্থায়ীভাবে বসবাসের পথ সহজ করতে বড় উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়া হবে।
বিদেশি দক্ষ কর্মীদের ধরে রাখতে এবং শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন নীতিতে বিশেষ ছাড় দিতে যাচ্ছে কানাডা। এ উদ্যোগের আওতায় দেশটিতে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ২০২৭ সালে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন।
২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব উদ্যোগটির বিস্তারিত তুলে ধরেন। পরে ২৪ নভেম্বর অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) আওতায় বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। সংশ্লিষ্ট অঞ্চলগুলো নিজেদের শ্রমবাজারের প্রয়োজন বিবেচনায় যোগ্য কর্মীদের নির্বাচন করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এই অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এ সুযোগ মূলত তাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন, কাজ করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। বিশেষ করে স্থানীয় শ্রমবাজারে চাহিদা রয়েছে এমন দক্ষ কর্মীরা অগ্রাধিকার পেতে পারেন। তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি মিলবে না। সংশ্লিষ্ট প্রদেশের মনোনয়ন ও অভিবাসন কর্মসূচির শর্ত পূরণ করতে হবে।
এদিকে স্থায়ী বসবাসের জন্য আগে থেকেই আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও এ উদ্যোগের আওতায় বিবেচনা করা হবে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির যোগ্য আবেদনকারীরা এ সুবিধা পেতে পারেন। তবে এসব কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়নি।
সরকারের এ পরিকল্পনায় ২০২৭ সালের ৩১ মার্চের সময়সীমাটি সবার স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। বরং প্রদেশ ও অঞ্চলগুলোর অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা এটি। আবেদন ও মনোনয়নের নিয়ম অঞ্চলভেদে আলাদা থাকবে।
এ ছাড়া কানাডার বৃহত্তর অভিবাসন পরিকল্পনায় ২০২৭ সালে সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য ১ লাখ সুযোগ রাখা হয়েছে। বাকি ১ লাখের মধ্যে হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার, ইউক্রেনীয় পরিবার পুনর্মিলনে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় ১২ হাজার ৬০০ এবং নির্দিষ্ট পারিবারিক অভিবাসন শ্রেণিতে ৪৫ হাজার সুযোগ রাখা হয়েছে।
কানাডা সরকারের আশা, এ উদ্যোগের ফলে দেশটিতে আগে থেকেই কর্মরত অভিজ্ঞ বিদেশিদের ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের দক্ষ জনবলের সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতেও সহায়তা করবে নতুন এই পরিকল্পনা।