নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও ক্ষমতা ছাড়তে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে ঐক্যের প্রস্তাব, রাজনৈতিক বিভক্তি এবং ইরানে নতুন সামরিক অভিযান—এমন তিনটি কৌশল সামনে রেখে এগোচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
ইসরায়েলের রাজনীতিতে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ক্ষমতায় টিকে থাকতে পাল্টা তৎপরতা শুরু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের ঐক্যে ফাটল ধরানো থেকে শুরু করে ইরানকে ঘিরে নতুন সামরিক উত্তেজনা তৈরির সম্ভাবনাও আলোচনায় এসেছে।
গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসন পায়। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে জয়েন্ট লিস্ট ১১টি এবং মনসুর আব্বাসের রাআম পার্টি আটটি আসন পেয়েছে।
নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেসিডেন্ট হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তার পক্ষে ৬৭টি আসনের সমর্থন থাকায় সরকার গঠনের পথ তৈরি হয়েছে। পার্লামেন্টে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ফলও বিরোধী জোটের অবস্থানকে শক্তিশালী করেছে।
ইসরায়েলবিষয়ক বিশ্লেষক আকিভা এলদারের মতে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকারে যোগ দেওয়া। দ্বিতীয়ত, বিরোধী জোটের মধ্যে বিভক্তি সৃষ্টি করে সরকার গঠনের প্রক্রিয়া ব্যর্থ করা এবং নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি করা। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে নতুন সামরিক অভিযান চালানো।
ইতিমধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আইজেনকটের পক্ষের আলোচনা শুরু হয়েছে। তবে এ উদ্যোগে বিরোধী জোটের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইজেনকটের দলের সঙ্গে আলোচনা স্থগিত করেছেন। অন্যদিকে আভিগদর লিবারম্যান নেতানিয়াহুকে নিয়ে কোনো ঐক্যের সরকারে যাওয়ার বিরোধিতা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অবশ্য আইজেনকটের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান জানিয়েছেন।
ইরানকে ঘিরে নতুন হিসাব
নেতানিয়াহুর সম্ভাব্য তৃতীয় কৌশল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরানকে ঘিরে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, নতুন সংঘাত শুরু হলে জরুরি বা জাতীয় ঐক্যের সরকার গঠনের যুক্তি তুলে ধরে বিরোধী জোটের সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে পারেন নেতানিয়াহু।
এ বিষয়ে মোসাদের প্রধান রোমান গোফম্যানের ওয়াশিংটন সফরও আলোচনায় এসেছে। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহু ও ট্রাম্পের ফোনালাপেও ইরান প্রসঙ্গ উঠে এসেছিল বলে দাবি করেছে অ্যাক্সিওস।
তবে ইরানে নতুন করে হামলার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলের ভেতরেও মতপার্থক্য রয়েছে। বিরোধী নেতা আইজেনকট মনে করেন, ইরানের তাৎক্ষণিক সামরিক হুমকির চেয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। সেনাপ্রধান এয়াল জামিরও এখনই নতুন যুদ্ধে জড়ানোর প্রয়োজনীয়তা দেখছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নতুন সংঘাতের পরিস্থিতি তৈরি করে নেতানিয়াহু বিরোধী জোটকে ঐক্যের সরকার গঠনে বাধ্য করার চেষ্টা করতে পারেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও আশঙ্কা প্রকাশ করেছেন, ইরান ছাড়াও লেবানন, গাজা কিংবা পশ্চিম তীরকে ঘিরে উত্তেজনা নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দর-কষাকষির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ এবং বিরোধী জোটের ঐক্য ধরে রাখার সক্ষমতার ওপর দেশটির রাজনৈতিক পরিস্থিতির গতিপথ অনেকটাই নির্ভর করছে।