ভারতের পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপের পর নিজেদের উৎপাদন সক্ষমতা নিয়ে ওঠা অভিযোগ সরাসরি নাকচ করেছে নয়াদিল্লি।
ভারতের পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রশাসনের পাঠানো নোটিশ পর্যালোচনা করছে নয়াদিল্লি। তবে ভারতের কোনো শিল্প খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে দাবি করেছে দেশটির সরকার।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও সংশ্লিষ্ট নীতির বিষয়ে ১৪টি অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) তদন্তের বিষয়টি তারা পর্যালোচনা করছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত নিজস্ব চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। পাশাপাশি দেশটির বাজারে বিদেশি পণ্যের প্রবেশ কঠিন এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব নীতির কারণে মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত।
মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় পরিচালিত তদন্তের ভিত্তিতে শুল্ক আরোপের প্রস্তাবটি সামনে এসেছে। ইউএসটিআরের দাবি, ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ এসব পণ্য রপ্তানির তুলনায় আমদানি কম করে দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের অভিযোগ, কয়েক দশক ধরে বিভিন্ন দেশ উৎপাদন খাতে সরকারি সহায়তা, শ্রমিক অধিকার সংকোচন এবং বাজারব্যবস্থাকে প্রভাবিত করার মতো নীতি অনুসরণ করছে। এতে সংশ্লিষ্ট দেশগুলো বাণিজ্যে সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তি দুর্বল হচ্ছে।
ভারত ছাড়াও চীনসহ একাধিক অর্থনীতির ওপর ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির জন্য শুল্কের হার ২০ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের ব্যাপকভিত্তিক শুল্ক ব্যবস্থার একটি আইনি ভিত্তি বাতিল করার পর নতুন করে বাণিজ্যিক তদন্ত শুরু করেছে ইউএসটিআর। এর মধ্যে একটি তদন্তে ৬০টি অর্থনৈতিক অঞ্চলের প্রায় ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যটি অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে ১৬টি অর্থনীতির বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।
এই পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশ বর্তমানে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার মাধ্যমেই বাণিজ্যসংক্রান্ত মতপার্থক্য দূর করতে চায় নয়াদিল্লি।
ইউএসটিআর আগামী ২৫ জানুয়ারি প্রস্তাবিত শুল্ক নিয়ে জনশুনানির দিন নির্ধারণ করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। এরপর প্রস্তাবটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।