ইউরোপের সীমান্তে অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। বিশেষ ঝুঁকিতে না থাকা অভিবাসীদের নির্দিষ্ট পরিস্থিতিতে আশ্রয়ের আবেদন বিবেচনা ছাড়াই ফেরত পাঠানোর সুযোগ থাকবে বলে জানিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ফ্রান্সের স্ট্রাসবুর্গভিত্তিক ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) তিনটি পৃথক মামলার রায়ে এ সিদ্ধান্ত দেন। পোল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার বিরুদ্ধে করা অভিযোগ পর্যালোচনা করে আদালত অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে এই ব্যাখ্যা তুলে ধরেন।
২০২১ ও ২০২২ সালে কয়েকজন অভিবাসী অভিযোগ করেন, বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে আসার পর সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকর্মীরা তাদের আশ্রয়ের আবেদন করার সুযোগ না দিয়েই ফিরিয়ে দেন। তবে আদালত মনে করেন, সব ক্ষেত্রে এমন পদক্ষেপ মানবাধিকার সনদের লঙ্ঘন নয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো দেশ যদি পরিকল্পিতভাবে অভিবাসীদের ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ সৃষ্টি করতে চায়, তাহলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্ত থেকে তাদের ফিরিয়ে দেওয়া যেতে পারে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষভাবে অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা চলবে না।
এ প্রসঙ্গে বেলারুশের ভূমিকার কথা উল্লেখ করেছে আদালত। রায়ে বলা হয়, ২০২১ সালে দেশটি বিভিন্ন তৃতীয় দেশের নাগরিকদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের সুযোগ দিয়ে পোল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার সীমান্তে পাঠিয়েছিল। আদালতের মতে, প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করা এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে এই কৌশল নেওয়া হয়েছিল। ২০২০ সালে বিরোধী আন্দোলন দমনের পর আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয় বলে আদালত উল্লেখ করেন।
তবে বিশেষ কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানো যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। বয়স, শারীরিক অবস্থা কিংবা প্রতিবন্ধকতার কারণে কেউ বিশেষ ঝুঁকিতে থাকলে তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বেআইনি হতে পারে। একইভাবে ফেরত গেলে জীবন তাৎক্ষণিক ও বাস্তব বিপদের মুখে পড়ার সুনির্দিষ্ট আশঙ্কা থাকলেও এই সুযোগ প্রযোজ্য হবে না।
পোল্যান্ডের বিরুদ্ধে করা মামলায় দুই আফগান নাগরিকের অভিযোগ পর্যালোচনা করে আদালত ভিন্ন সিদ্ধান্ত দেন। প্রথম ব্যক্তিকে ফেরত পাঠানো বেআইনি বলে রায় দেওয়া হয়। কারণ, এর আগে আদালত তাকে পোল্যান্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে দ্বিতীয় ব্যক্তিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে কোনো আইন লঙ্ঘন দেখেনি আদালত।
লাটভিয়ার বিরুদ্ধে করা মামলায় ১২ জন অভিবাসীকে ফেরত পাঠানোর ঘটনায় দেশটিকে দায়ী করা হয়েছে। ওই ব্যক্তিরা ছিলেন তিনটি পরিবারের সদস্য। প্রতিটি পরিবারে মা-বাবার সঙ্গে দুজন করে অপ্রাপ্তবয়স্ক সন্তান ছিল। অন্যদিকে আরও সাতজন অভিবাসীকে বেলারুশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আদালত কোনো আইন লঙ্ঘন খুঁজে পাননি।
লিথুয়ানিয়ার বিরুদ্ধে করা মামলায় চার কিউবান নাগরিক অভিযোগ করেন, ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে মাত্র ১০ দিনের মধ্যে ছয়বার তাদের আটক করে বেলারুশে পাঠানো হয়। প্রতিবারই তারা লিথুয়ানিয়ায় আশ্রয়ের আবেদন করেছিলেন বলে দাবি করেন। তবে তাদের অভিযোগের পক্ষে মানবাধিকার সনদ লঙ্ঘনের প্রমাণ পায়নি আদালত।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিউবান নাগরিকদের আইনজীবী দারিয়া সার্তোরি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত তার কাছে বড় ধাক্কা। তার মতে, ইউরোপীয় মানবাধিকার সনদের তৃতীয় ধারায় নির্যাতন ও মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে এবং এই সুরক্ষা সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
আইনজীবী আরও আশঙ্কা প্রকাশ করেন, এই রায়ের প্রভাব ভবিষ্যতের অভিবাসনসংক্রান্ত মামলার পাশাপাশি ইউরোপের অভিবাসন নীতিতেও পড়তে পারে।




