কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় মাইনের আঘাতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি তাদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের সংস্পর্শে আসার পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। এর একটি প্রণালীর পূর্বদিকে এবং অন্যটি জলপথটির ভেতরে অবস্থান করছিল।
এর আগের দিন বৃহস্পতিবারও একই এলাকায় পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছিল ইরানের সংবাদমাধ্যম। তবে এসব ঘটনার বিষয়ে সামুদ্রিক নিরাপত্তা কিংবা নৌ-চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে তেহরান। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
ইরানের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে অবরোধ দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, গ্রীষ্মকাল থেকে উপসাগরীয় দেশগুলোকে এই পথ ব্যবহার করে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করা হয়েছে। সংস্থাটি সম্প্রতি হরমুজ থেকে সব মাইন সরিয়ে ফেলার কথাও জানিয়েছে।



