ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে সামরিক অভিযান শুরুর কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ধরে রেখেছে দেশটির সামরিক বাহিনী। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে সাক্ষাৎকারের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনে ইরানে অভিযান পরিচালনার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আদৌ হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত নন তিনি। ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী বিষয়গুলো এগোচ্ছে।
এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েও কথা বলেছেন ট্রাম্প। দেশটির বন্দরগুলোতে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রাখার উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।
সূত্র: মিডল ইস্ট আই।