ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির ভূগর্ভে অবস্থিত সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন মনে করলে খুব অল্প সময়ের মধ্যেই ওই স্থাপনায় আঘাত হানতে সক্ষম মার্কিন বাহিনী। তাঁর দাবি, যেকোনো সময় এ ধরনের অভিযান পরিচালনার সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে।
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধার আশঙ্কাও নাকচ করেননি ট্রাম্প। তিনি জানান, তেহরান চুক্তিতে রাজি না হলে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ইরান সমঝোতায় আগ্রহী বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে চুক্তি করা সম্ভব হলে তিনি সেটিকেই অগ্রাধিকার দেবেন। কারণ, সমঝোতা হলে বহু মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
এদিকে, হরমুজ প্রণালিতে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সীমিত প্রতিরক্ষামূলক অভিযানের পর ট্রাম্পের এই বক্তব্য সামনে এসেছে। মার্কিন সম্পদের ওপর ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে ওই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
সূত্র: আল জাজিরা