ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা কমার ইঙ্গিতের মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকার তথ্য প্রকাশ পেয়েছে। দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপসহ একাধিক এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল হামলার বিষয়টি জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এসব পদক্ষেপকে প্রতিরক্ষামূলক কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের সম্ভাব্য হুমকি বা হামলার সক্ষমতা ঠেকাতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার ভোরে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে দাবি করেন, যুক্তরাষ্ট্র ওই যুদ্ধে জয়ী হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ চলছে না।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর প্রচেষ্টার মধ্যেই মার্কিন হামলার এ খবর প্রকাশিত হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি


