আইটি খাতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। রাজধানীর মিরপুর-১১-তে প্রতিষ্ঠানটি চালু করছে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’। আগামী নভেম্বর মাসে প্রথম দুটি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ১৭ বছরের মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে কোর্সের পাঠ্যক্রম সাজানো হয়েছে। আয়োজকদের ভাষ্য, বড় প্রতিষ্ঠানে পৃথক আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত দায়িত্ব একজন কর্মীকেই পালন করতে হয়। এসব কাজে পারদর্শী বহুমুখী দক্ষতাসম্পন্ন কর্মী গড়ে তোলাই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
কোর্সে ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত, মাদারবোর্ডের সমস্যা শনাক্তকরণ, বিদ্যুৎ নিরাপত্তা, উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা এবং তথ্য পুনরুদ্ধারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস-আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি ও হাজিরা মেশিন স্থাপন এবং স্মার্ট ও এআইভিত্তিক ডিভাইস পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, রিমোট টেকনিক্যাল সাপোর্ট, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহারের বিষয়ও থাকছে পাঠ্যসূচিতে। সব প্রশিক্ষণ সরাসরি শ্রেণিকক্ষে যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য ব্যবহার করে পরিচালিত হবে।
এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। এ অবস্থায় এমন ব্যবহারিক কারিগরি দক্ষতা অর্জন জরুরি, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা যায় না। একই সঙ্গে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো স্থাপন ও রক্ষণাবেক্ষণে দক্ষ কর্মীর চাহিদাও বাড়বে। প্রশিক্ষণ কর্মসূচিতে এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ রাখা হয়েছে।
প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। একটি ব্যাচের ক্লাস হবে কর্মদিবসে। অন্য ব্যাচের ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে, যাতে চাকরিজীবী ও শিক্ষার্থীরাও অংশ নিতে পারেন। প্রতিটি ব্যাচে আসন রাখা হয়েছে ২০টি। কোর্সের বিস্তারিত ও ভর্তিসংক্রান্ত তথ্য পাওয়া যাবে www.ektabd.com ওয়েবসাইটে।