নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে এক জেল পলাতক আসামির মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের একটি কলাবাগানে জালালকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ সময় উত্তেজিত লোকজন তাকে ঘিরে ধরে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, জেল থেকে পালানোর পর জালাল এলাকায় নিয়মিত থাকতেন না। তবে মাঝেমধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার তাকে কলাবাগানে দেখতে পেয়ে স্থানীয় লোকজন গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।