ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ, পানি ও বিদ্যুৎ সংযোগসহ ক্যান্টনমেন্ট বোর্ডের বিভিন্ন নাগরিক সেবা পেতে আর বারবার কার্যালয়ে যেতে হবে না। সরকারি সেবা পোর্টাল ‘মাইগভ’-এ ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের সেবা চালু হয়েছে। এসব সেবার বিপরীতে বোর্ডভেদে খোলা হয়েছে ১৮৫টি অনলাইন আবেদন ফরম।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাইগভ। একই দিন বিকেলে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক শামীম আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স অধিশাখার যুগ্মসচিব ও এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান। এ ছাড়া অধিদপ্তরের পরিচালক শেখ জাহিদুল ইসলাম, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল করিম এবং সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা বক্তব্য দেন।
অনলাইনে পাওয়া যাবে নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক ও পারিবারিক সনদ, পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, পানি-বিদ্যুৎ সংযোগ এবং যানবাহনের পাসসংক্রান্ত সেবা। এর পাশাপাশি সড়ক কাটার অনুমতি, রিকশা, ভ্যান ও অটোরিকশার লাইসেন্স, পোষা প্রাণী পালনের অনুমোদন এবং ডেভেলপার তালিকাভুক্তির আবেদনও করা যাবে।
সেবাগ্রহীতারা অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। প্রযোজ্য ফি অনলাইনে পরিশোধ এবং কিউআর কোডযুক্ত সনদ সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট নথির সত্যতা যাচাই করা যাবে। সেবা পাওয়ার পর মতামত জানানোর সুযোগও থাকবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের সহযোগিতায় সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। আগে এসব সেবার জন্য আবেদন জমা, কাগজপত্র যাচাই, ফি পরিশোধ ও সনদ সংগ্রহে সংশ্লিষ্ট কার্যালয়ে একাধিকবার যেতে হতো। নতুন ব্যবস্থায় সেই ভোগান্তি কমবে বলে মনে করছেন আয়োজকেরা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি সেবা দিয়ে কার্যক্রমটির পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। পরে অন্য বোর্ডগুলোকে যুক্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়। চলতি বছরের মার্চে তিনটি কর্মশালায় ৬৩ ধরনের সেবা পর্যালোচনা করে ১৯টি মৌলিক সেবা নির্ধারণ করা হয়। সাতটি আঞ্চলিক কর্মশালায় আবেদন ফরম, সেবার ফি ও প্রক্রিয়া যাচাইয়ের পর সেগুলো চূড়ান্ত করা হয়। আগস্ট ও সেপ্টেম্বরে সংশ্লিষ্ট ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, নতুন প্ল্যাটফর্মে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি একই ব্যবস্থায় করা যাবে। এতে দাপ্তরিক কাজে কাগজের ব্যবহার কমবে এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।




