বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ প্রযুক্তিসেবা ব্যবহারে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ই-মেইল, ক্লাউড ও অনলাইন যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্ম আউটলুক ও টিমসের পাশাপাশি মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সুবিধা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানেও এ প্রযুক্তিগত সংকটের প্রভাব পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ বিপর্যয়ে বিভিন্ন দেশের সরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে কাজ করলেও সেবা পুনরুদ্ধারের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে জানিয়েছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটির ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সার্ভারে তথ্য আদান-প্রদানের চাপ সামলাতে গিয়ে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এ সমস্যা কাটাতে বিকল্প সার্ভার ও সংযোগপথ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইন্টারনেট সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের পরিসংখ্যানে বিপর্যয়ের ব্যাপকতা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আউটলুক নিয়ে এক লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টা নাগাদও অভিযোগের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তী সময়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকেও একই ধরনের সমস্যার খবর পাওয়া যায়।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের ই-মেইল ব্যবস্থাপনার ক্লাউড প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল মাইক্রোসফট ৩৬৫-এর সুবিধাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ই-মেইল ও সংশ্লিষ্ট কার্যক্রম রয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন সেবাগুলো স্বাভাবিক রয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে সাইবার হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মাইক্রোসফটের ধারণা, এটি কোনো হ্যাকিংয়ের ঘটনা নয়; বরং প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত ত্রুটিতে বিশ্বজুড়ে যে বিপর্যয় দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার তুলনা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানও এ সমস্যার প্রভাবের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও তাদের কার্যক্রমে বিঘ্নের কথা জানিয়েছে। সমস্যা সমাধানে তাদের প্রকৌশলীরা মাইক্রোসফটের সঙ্গে সমন্বয় করছেন।
সংকটের প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রমেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ তৈরি এবং সংশ্লিষ্ট টুল ব্যবহারে সমস্যা হচ্ছে। একই ধরনের জটিলতার কথা জানিয়েছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও।
এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপ তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় পিছিয়ে দিয়েছে। ১২ নভেম্বর প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
এর আগে গত মাসেও মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছিল। ধারাবাহিক এসব প্রযুক্তিগত সমস্যায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ক্লাউড ও সফটওয়্যারনির্ভর কার্যক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।




